প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪১ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (০৬ জুলাই) মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪১ লাখ ৬ হাজার ৯১৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৩ হাজার ৭০৫ জনের।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ৯৫ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ৫৬৭ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ১১২ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ৭২৮ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৪১ হাজার ৮৭৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৬৮৯ জনের।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ হাজার ৯৬৪ জনের দেহে এই ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। যা একদিনে রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।
সোমবার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





