ভারতের কর্ণাটক রাজ্যের একটি মঠের পূজারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
কর্ণাটকের শিমাগো জেলার শ্রীরামচন্দ্রপুর মঠের পূজারি মোহন্ত রাঘবেশ্বর ভারতীর বিরুদ্ধে এই অভিযোগে একটি মামলা দায়ের করেছে বেঙ্গালুর পুলিশ। অংশুমতি শাস্ত্রী নামের একজন মহিলা থানায় তাঁর অভিযোগে বলেছেন, গত কয়েক বছরের মধ্যে বিভিন্ন সময়ে তার মাকে মঠের পুজারী নানা সময়ে যৌন নির্যাতন করেছেন।
উল্লেখ্য, অংশুমতি শাস্ত্রীর মা প্রেমলতা দিবাকর একজন গায়িকা। তিনি এই মঠে সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে গাইতেন। পুলিশ ওই পূজারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ (যৌন উৎপীড়ন ) এবং ৫০৬ (ভয় দেখানো ) ধারায় মামলা রুজু করেছে।
এদিকে, তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অংশুমতি দেবী অভিযোগ জানানোর পর উত্তরকন্নড় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করে উল্টো তার মা-বাবাকেই আটক করেছে। কারণ মঠের দু’জন কর্মীর অভিযোগ- এই দম্পতি ওই পুজারীকে ব্ল্যাকমেল করছে। প্রেমলতা ও তার স্বামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
মঠের কর্মীদের অভিযোগ- অন্য গায়কদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ না নেয়ার জন্য ভয় দেখিয়েছেন তারা।
বলাবাহুল্য, পুজারী রাঘবেশ্বর ভারতী ২০১০ সালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। সেই সময় ৩ জন যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল- তারা জাল ভিডিও তৈরি করে পুজারীর ইমেজ নষ্ট করেছে। কর্ণাটক রাজ্যে যখন ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্য সরকারের পক্ষ থেকে রামচন্দ্রপুর মঠের গোকর্ণ মন্দিরে প্রশাসক বসানো হয়।
ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ তারা ক্রমাগত মঠের চিত্রকে খারাপ করার চেষ্টা করেছেন। যদিও অংশুমতির অভিযোগ- তার মা-বাবা বেশ কয়েকবার মঠের ওই পুজারীর বিরুদ্ধে কেস করার চেষ্টা করলেও প্রতিবারই মঠের কর্মীরা তাতে বাধা দিয়েছেন।
উল্লেখ্য, ভারতে ইতিপূর্বে বেশ কয়েকটি মঠের মোহন্তদের বিরুদ্ধে নানা অবৈধ কাজ কর্মের অভিযোগ উঠেছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





