ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোনকে সাক্ষাত দিতে রাজি হন নি মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা।
এর মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস।
ইয়ালোন চলতি সপ্তাহে ৫ দিনের সফরে আমেরিকা যান। এ সময় তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল ও জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি সামান্থা পাওয়ারের সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু ওই তিন কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের কথা বললে হোয়াইট হাউজ ও পররাষ্ট্র দপ্তর তা প্রত্যাখ্যান করেছেন বলে খবর বের হয়েছে।
তেল আবিব এবং ফিলিস্তিনের মধ্যে একটি শান্তি চুক্তির বিষয়ে জন কেরি যে প্রচেষ্টা চালাচ্ছেন তার সমালোচনা করে আসছেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন।
চলতি বছরের শুরুর দিকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রচেষ্টাকে ইয়ালোন খ্রিস্টান ও গোঁড়াবাদীদের তৎপরতা বলে আখ্যায়িত করেছিলেন।
এর জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইয়ালোনের বক্তব্যকে আগ্রাসী ও বাহুল্য বলে উড়িয়ে দিয়েছিল।
সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেছিলেন, ইসরাইলের নিরাপত্তার প্রয়োজনে যখন আমেরিকা সবকিছু করছে তখন ইয়ালোনের এ ধরনের মন্তব্য সঠিক নয়।
ইআর





