সন্ত্রাসবাদের সহযোগিতার অভিযোগে শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশে চার তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। 

মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা হলেন আমজাদ নাজি আল মোয়েবিদ, জহির আব্দুলরহিম আল-বাসরি, ইউসুফ আলী আলমুশাইখিস এবং মাহাদি মোহাম্মদ হাসান সেয়াগ। 

শিয়া মতালম্বী আল-বাসরি এবং অন্য তিনজনকে ২০১১ সাল থেকে কয়েকটি সন্ত্রাসী হামলার সাথে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে সৌদি সরকার। তাদের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে তারতুং থানা এবং টহলরত পুলিশদলকে লক্ষ্যবস্ত করে হামলা চলানোর অভিযোগ আনা হয়। 

২০১১ সাল থেকে দেশটিতে সমঅধিকার আদায়ে সংখ্যালঘু শিয়াদের আন্দোলনের মধ্য দিয়ে তেল-সমৃদ্ধ এ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে পড়ে। সৌদি কর্তৃপক্ষ দাবি করছে, সন্ত্রাসী এবং মাদক চোরাচালানকারীরা এখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। 

মে মাসে কাতিফের এক ঐতিহাসিক এলাকায় কয়েকশত ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে স্থানীয় জঙ্গিরা গোপন ঘাঁটি ছিল। এ ঘটনার ফলে সরকারি বাহিনীর সাথে শিয়া যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 

সৌদি প্রেস এজেন্সি প্রতিবেদনে জানা যায়, গত বছরে অতি-রক্ষণশীল দেশটিতে ১৫৩ জনকে মৃত্যুদন্ড প্রদান করা হয়, লন্ডন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ সংখ্যা নিশ্চিত করে।

২০১৬ সালে শিয়াদের ধর্মীয় নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড দেয়া হয়, নিজ সম্প্রদায়ের অধিকারে রাজনৈতিক তৎপড়তা চালানোয় তাকে অভিযুক্ত করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অভিযুক্ত চার ব্যক্তিকেও সম অধিকার আদায়ে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। সূত্র: দ্য এন আরব

এমএনজে