ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) দখলকৃত একটি জেলা উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উত্তরাঞ্চলীয় তিকরিতের নিকটবর্তী জেলাটি ছাড়াও আরও কয়েকটি তেলকূপও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। ইরাকের সরকারি টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
সোমবারের এ অভিযানে অংশ নেয় ইরাকের সেনাবাহিনী এবং তাদের সহায়তা করে শিয়াদের স্বেচ্ছাসেবী যোদ্ধারা এবং ইরাকের বিমান বাহিনী। টাইগ্রিস, সামারা ও সালেহেদ্দিন থেকে আসা যৌথবাহিনী এই অভিযানে অংশ নেয়। এ ছাড়া সালেহেদ্দিনের উপজাতীয় যোদ্ধারাও এতে অংশ নেয়।
যৌথ বাহিনী আইএসের দখলে থাকা তিকরিত থেকে ১৮ কিলোমিটার দূরবর্তী জেলা আল-আলম দখলে নিতে সক্ষম হয়। তবে, শহরে প্রবেশ করতে পারেনি যৌথবাহিনী। শহরের প্রবেশপথে আইএসের প্রচণ্ড বাধার মুখে পড়ে যৌথবাহিনী।
তবে, তেলকূপগুলো দখলে নেয়ার পরও সেখানে গোলাবর্ষণ করেছে আইএস। তবে, সেখানে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে আইএসকে সরিয়ে দিয়েছে সরকারি বাহিনী।
এমএ





