এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারাভিয়ানে কাজ করা সংগঠনগুলোর জোট আইক্যান ( ICAN)।
আজ শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসন বিজয়ীর নাম ঘোষণা করেন।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে নরওয়ের অসলোয় নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রাইজ এন্ডারসন শান্তিতে এবারের নোবেলজয়ীর নাম ঘোষণা করেন। বিজয়ী সংগঠন আইক্যানের সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়।
বেরিট রাইজ এন্ডারসন বলেন, “আমরা এখন এমন একটি বিশ্বে বসবাস করছি, যেখানে এমন ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যার ঝুঁকি আগে দীর্ঘকাল ধরে যেমনটি ছিল তার চেয়ে বেশি।”
পারমাণবিক অস্ত্র নিষেধের জন্য এই মোর্চার সংগঠনগুলো তৃণমূলে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন নোবেল কমিটির চেয়ারম্যান।
এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতে নেন পাঁচ দশকের রক্তস্রোত বন্ধ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস।
টানা কয়েক বছরের চেষ্টার পর কট্টর বামপন্থী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে তিনি চূড়ান্ত শান্তিচুক্তি সই করতে সক্ষম হন। এর মাধ্যমে লাতিন আমেরিকার দীর্ঘতম রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়েছেন সান্তোস, যে লড়াইয়ে নিহত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ।
এমবি





