পুলিশের পরিচালিত অভিযানে প্যারিসে শার্লে এবদোতে হামলার দায়ে সন্দেহভাজন দু’ভাই নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, প্যারিসের উত্তরে একটি ওয়্যারহাউজে শেরিফ (৩২) ও সাইদ কাউয়াচি (৩৪) নামে দুই ভাই নিহত হয়েছেন। তারা শার্লে এবদোয় হামলার ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের ধারণা। তবে ওই ওয়্যারহাউজে তাদের হাতে জিম্মি থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধারে সক্ষম হয়েছে পুলিশ।

অপর অভিযানটি পরিচালিত হয় প্যারিসের পূর্বাঞ্চলে একটি সুপার মার্কেটে। ওই ঘটনায় আমেদি কুলিবালি (৩২) নামে এক বন্দুকধারী নিহত হন।

দুই ভাইকে (শেরিফ ও সাইদ) ছেড়ে না দিলে জিম্মিদের হত্যা করা হবে, আমেদি কুলিবালি এমন হুমকি দিচ্ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ ঘটনায় চার জিম্মিসহ পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া ১৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ ঘটনাকে দেশের জন্য ‘ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন।

৭ জানুয়ারি সকালে শার্লে এবদো কার্যালয়ে হামলা চালিয়ে প্রধান সম্পাদকসহ আটজন কার্টুনিস্ট, দু’জন পুলিশ সদস্য ও অপর দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

জেএ