করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় প্রথমবারের মতো যাজকসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

একজন ব্যাপটিস্ট চার্চের যাজক ও অন্যজন তাবলীগ জামাতে অংশ নিয়েছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সারাওয়াক জেনারেল হাসপাতাল ও জহুরবারু পারমাই হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মালয়েশিয়ার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, সারাওয়াক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় ৬০ বছর বয়সী এক যাজকের মৃত্যু হয়েছে। তিনি সারাওয়াকের কুচিং এমানুয়েল ব্যাপটিস্ট চার্চের যাজক ছিলেন।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, কীভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন তা এখনও তদন্তাধীন রয়েছে। তবে তার সংস্পর্শে আসা ১৯৩ জনকে নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

অপরজন শ্রী পেতালিং তাবলীগ জামাতে অংশ নেয়া ৩৪ বছর বয়সী। ওই ব্যক্তি গত মার্চ তার শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। জহুরবারু পারমাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ মার্চ তার অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) মৃত্যুবরণ করেন।

মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬৭৩ রোগীর খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ৪৫ জন সারাওয়াকের বাসিন্দা।

করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৬৫ জন। এতে মারা গেছে ৭ হাজার ৪৬৭ জন।

এমবি