বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী 'টাইম ম্যাগাজিন'। গতকাল বৃহস্পতিবার ২০১৮ সালের এ তালিকা প্রকাশ করা হয়।

অনেক কম প্রভাবশালী এবারের তালিকায় জায়গা করে নিলেও জায়গা পায়নি বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রভাবশালী ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে নেতা (লিডার) ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি, লন্ডনের মেয়র সাদিক খানের নামও রয়েছে।

দুই ক্যাটাগরিতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি থাকলেও তালিকায় নাম আসলো না তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

এদিকে তালিকায় ১০০ জনের মাঝে রাজনৈতিক ব্যক্তি ২৭ জন। আর তাদের মাঝে শেখ হাসিনার অবস্থান ২১।

টাইম ম্যাগাজিনের এবারের তালিকায় প্রভাবশালী প্রত্যেকের প্রোফাইলেই তাদের সম্পর্কে লিখেছেন বিখ্যাত ও প্রভাবশালী অন্যরা।

তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোফাইল লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি।

ইতিহাসের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরারকে নিয়ে লিখেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে লিখেছেন টেড ক্রুজ। মেগান মার্কেলকে নিয়ে লিখেছেন প্রিয়াংকা চোপড়া।

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে লিখেছেন ক্রিকেটের কিংবদন্তী শচিন টেন্ডুলকার। হিউ জ্যাকম্যানকে নিয়ে লিখেছেন অ্যানা হ্যাথওয়ে।

প্রভাবশালীদের মধ্যে ‘পাইওনিয়ার্স’ ক্যাটাগরিতে রয়েছেন, অলিম্পিকে সর্বকনিষ্ঠ স্বর্ণজয়ী নারী ক্লোয়ি কিম, জনপ্রিয় কমেডি উপস্থাপক ট্রেভর নোয়াহ, চীনের কোয়ান্টাম পদার্থবিদ প্যান জিয়ানওয়েই প্রমুখ।

‘আর্টিস্টস’ ক্যাটাগরিতে রয়েছেন খ্যাতনামা অভিনেত্রী নিকোল কিডম্যান, জনপ্রিয় এক্স-ম্যান চরিত্র ওলভারিনখ্যাত হিউ জ্যাকম্যান, ওয়ান্ডার ওম্যান চরিত্রে বিশ্ব মাতানো গ্যাল গ্যাডট, বলিউড তারকা দিপীকা পাডুকোন প্রমুখ।

‘আইকনস’ ক্যাটাগরিতে অন্যদের মধ্যে আছেন খ্যাতনামা অভিনেত্রী, সঙ্গীতশিল্পী জেনিফার লোপেজ, রিহানা ও ব্ল্যাক প্যান্থার চরিত্রে বক্স অফিস মাতানো চ্যাডউইক বোসম্যান। আর সর্বশেষ ক্যাটাগরি ‘টাইটানস’-এ অন্যদের মধ্যে আছেন রজার ফেদেরার, অপরাহ উইনফ্রে, জেফ বেজস ও বিরাট কোহলি।

জেড