ন্যাশনাল জিওগ্রাফিকের বছরের সেরা দশ অ্যাডভেঞ্চারারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।

শুক্রবার ন্যাশনাল জিওগ্রাফিক তাদের ওয়েবসাইটে এই দশ অ্যাডভেঞ্চারের তালিকা প্রকাশ করে। ওয়াসফিয়া নাজরিন 'অ্যাক্টিভিস্ট' ক্যাটাগরিতে এই তালিকায় জায়গা পান।

প্রতি বছর পাঠকদের ভোটে ন্যাশনাল জিওগ্রাফিক একজনকে ‘অ্যাডভেঞ্চারার অব দ্যা ইয়ার’ নির্বাচিত করে। ২০১৪-১৫ সালের জন্য মনোনীত দশজনের তালিকা থেকে এখন একজনকে বাছাই করা হবে।

ওয়াসফিয়া নাজরীন ইতোমধ্যে এভারেস্টসহ বিশ্বের সাতটি মহাদেশের ছয়টির সর্বোচ্চ পর্বত শৃঙ্গে উঠেছেন। এ মাসেই তার ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ চূড়া কার্সটেনসজ পিরামিডে আরোহণ করার কথা।

‘সেভেন সামিট’ বা সাত মহাদেশের সাত সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণের চ্যালেঞ্জের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পান ওয়াসফিয়া নাজরিন। তিনি হচ্ছেন দ্বিতীয় বাংলাদেশি নারী যিনি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠেন। সূত্র: বিবিসি বাংলা

এমএ