আফগান রাজধানী কাবুলে ন্যাটোর গাড়িবহরে সোমবার আত্মঘাতী বোমা হামলায় এক বেসামরিক লোক নিহত হয়েছে। তবে এতে কোন বিদেশি সৈন্য হতাহত হয়নি। এ ছাড়া আফগান সেনাদের আরেকটি বহরে হামলায় আরও ২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, কাবুলের পূর্বাঞ্চলে জালালাবাদ নগরী অভিমুখী সড়কে ভোরের দিকে এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
‘এই হামলায় এক ব্যক্তি নিহত ও অপর তিনজন আহত হয়েছে’ উল্লেখ করে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মোহাম্মদ আইয়ুব সালাঙ্গী এক টুইট বার্তায় বলেন, ‘কাবিল বাইয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী তার বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায়।’
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র বলেন, ‘এ হামলার ঘটনায় আইএসএএফের কোন সদস্য হতাহত হয়নি।’
কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার না করলেও তালেবান যোদ্ধারা প্রায়ই হামলা চালায়। বর্তমানে প্রায় ৪০ হাজার ন্যাটো সৈন্য আফগানিস্তানে মোতায়েন রয়েছে।
এসএমএ





