রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি রাজার ছেলে ও প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আলে-সৌদ।
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রুশ বিমান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী এবং উপ যুবরাজের দায়িত্বও পালন করছেন শেখ মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী গোষ্ঠীগুলোকে প্রায় প্রকাশ্যেই মদদ যুগিয়ে যাচ্ছে সৌদি আরব।
রোববার ফর্মুলা ওয়ান রেসের অবকাশে কৃষ্ণসাগর তীরবর্তী রুশ শহর সোচি’তে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মোহাম্মদ বিন সালমান। বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু জানাতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় ‘সন্ত্রাসী খেলাফত’প্রতিষ্ঠা হোক তা সৌদি আরব বা রাশিয়ার কেউই চায় না।
এ ছাড়া, সিরিয়ায় রুশ অভিযানের লক্ষ্য নিয়ে সৌদি আরব উৎকণ্ঠা প্রকাশ করেছে বলেও জানান তিনি। কিন্তু মস্কো বলেছে, আইএসআইএল এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোই রুশ বিমান অভিযানের লক্ষ্য। সূত্র: রেডিও তেহরান।
ইআর





