২০৫০ সাল নাগাদ ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ হয়ে যাবে। একটা সময় গিয়ে শ্বেতাঙ্গরা দেশটিতে সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবে। নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে মেইল অনলাইন।
গবেষণাটি করেছে 'পলিসি এক্সচেঞ্জ' নামের একটি প্রতিষ্ঠান। গবেষণায় দেখানো হয়েছে, বর্তমানে ব্রিটেনের মোট জনসংখ্যার ১৪ শতাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। সংখ্যালঘু সম্প্রদায় বলতে এখানে ব্রিটেনের শ্বেতাঙ্গ গোষ্ঠী ছাড়া বাকি জনগোষ্ঠীকে বুঝানো হচ্ছে। এদের মধ্যে কৃষ্ণাঙ্গ, এশীয় বংশোদ্ভূত নাগরিকেরা রয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399371379.jpg[/img]
মজার ব্যাপার হচ্ছে ব্রিটেনের প্রধান পাঁচটি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। সবচেয়ে বেশি হচ্ছে ভারতীয়রা, এরপর যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকার কৃষ্ণাঙ্গ ও ক্যারিবিয়ান কৃষ্ণাঙ্গরা স্থান করে নিয়েছে।
বর্তমান সময়ের এই ১৪ শতাংশই এক সময় এক-তৃতীয়াংশে পরিণত হবে। বর্তমানে ব্রিটেনে জন্ম নেয়া প্রতি চারটি শিশুর মধ্যে একটি শিশু সংখ্যালঘু সম্প্রদায়ের। অর্থ্যাৎ, বর্তমান জন্ম নেয়া শিশুদের ২৫ শতাংশই সংখ্যালঘু। বর্তমানে ব্রিটেনের ১০ বছর বয়সের কম শিশুদের মধ্যে ২৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। এই জন্মহার আরো কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে গবেষণায় জানানো হয়েছে।
বর্তমানে ব্রিটেনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৮০ লাখ, যা মোট জনসংখ্যার ১৪ শতাংশ। তবে, সংখ্যালঘুদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ৮০ শতাংশ, যা দ্রুত কয়েক দশকের মধ্যে শ্বেতাঙ্গদেরকেই উল্টো সংখ্যালঘুতে পরিণত করবে।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে সংখ্যালঘুদের জন্মহার বৃদ্ধি অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ মোট জনসংখ্যার ৩০ শতাংশে পরিণত হবে তারা।
ব্রিটেনের সংখ্যালঘু এই সম্প্রদায়ের প্রায় অর্ধেকই বাস করেন তিনটি শহরে। এগুলো হলো- লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম। সংখ্যালঘুরা শ্বেতাঙ্গদের চেয়ে সাতগুণ বেশি শহরে থাকতে পছন্দ করে।
তবে, সময়ের পরিক্রমায় সংখ্যালঘুরা বড় বড় শহরগুলোর কেন্দ্রস্থল থেকে সরে যাবে। তারা বড় বড় শহরের পার্শ্ববর্তী এলাকা বা ছোট ছোট শহরে বাস করবে। অন্যদিকে, শ্বেতাঙ্গরা আস্তে আস্তে বড় বড় শহরগুলোর কেন্দ্রস্থলগুলোতে স্থানান্থরিত হবে। কেননা, শ্বেতাঙ্গদের মধ্যে উঠতি মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গবেষণাটি পরিচালনা করা হয়েছে জরিপ, পরিসংখ্যান, অ্যাকাডেমিক ও নির্বাচনী বিভিন্ন তথ্য থেকে।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ব্রিটেনে সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছেন প্রায় ১৪ লক্ষ ১৩ হাজার, যা মোট জনসংখ্যার ২.৫ শতাংশ। উল্লেখ্য, ভারতের বাইরে ব্রিটেন হচ্ছে ভারতীয়দের জন্য তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। ভারতের বাইরে সবচেয় বেশি ভারতীয় বাস করে যুক্তরাষ্ট্রে, এরপরই ব্রিটেন।
তাছাড়া, ব্রিটেনে পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক রয়েছে প্রায় ১১ লক্ষ ২৫ হাজার।
এ ছাড়া, আফ্রিকান কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিক রয়েছেন প্রায় ৯ লক্ষ ৯০ হাজার। তারাই হচ্ছে সবচেয়ে দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠী।
ক্যারিবিয়ান কৃষ্ণাঙ্গ রয়েছে প্রায় ৫ লাখ ৯৫ হাজার এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রায় ৪ লাখ ৪৭ হাজার।
এ ছাড়া, মিশ্র সংখ্যালঘু ব্রিটিশ নাগরিক রয়েছে প্রায় ১২ লাখ ২৪ হাজার। আর অন্যান্য সব সংখ্যালঘু ব্রিটিশ নাগরিক রয়েছে ২০ লক্ষ ৭৩ হাজার। সূত্র: মেইল অনলাইন
[b]ঢাকা, ০৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]