ফিলিস্তিনের ওপর ইসরাইলের ৭০ বছরের দখলদারিত্ব ও এ ব্যাপারে বিশ্ব সমাজের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
গতকাল (২৯ নভেম্বর) শুক্রবার ফিলিস্তিনি জাতির প্রতি সহমর্মিতা দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এই নিন্দা জানান।
নিজের অফিসিয়াল টুইটার পেজে সাইয়্যেদ আব্বাস মুসাভি লিখেছেন, ৭০ বছর ধরে ইসরাইল নির্লজ্জভাবে ফিলিস্তিনি জনগণের ওপর নিকৃষ্টতম দমন-পীড়ন চালাচ্ছে; অন্যদিকে এই ৭০ বছর ধরে বিশ্ব সমাজ লজ্জাজনক নীরবতা অবলম্বন করে যাচ্ছে।
ইসরাইল ফিলিস্তিনি জাতির ওপর সন্ত্রাসবাদ, আগ্রাসন, হত্যা, নির্যাতন, লুণ্ঠন ও জাতিসগত শুদ্ধি অভিযান চালাচ্ছে বলেও মন্তব্য করেন ইরানের এই মুখপাত্র।
১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ অত্যন্ত অন্যায়ভাবে ফিলিস্তিনি ভূখণ্ডকে ভাগ করে এর অর্ধেক ইহুদিবাদীদেরকে দেয়ার প্রস্তাব অনুমোদন করেছিল।
কিন্তু ১৯৪৮ সালে ইহুদিবাদীরা সেটুকু ভূমি নিয়েও সন্তুষ্ট থাকেনি বরং ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে আরও বহু ফিলিস্তিনি এলাকাকে একীভূত করে ইহুদিবাদী ইসরাইল নাম অবৈধ রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে নেয়।

তখন থেকে আজ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে আসছে ইহুদিবাদীরা এবং বিশ্ব সমাজ নীরবতা পালন করে কার্যত ইসরাইলের অবস্থানের প্রতি সমর্থন জানাচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭৭ সালের ২৯ নভেম্বর এক প্রস্তাব পাস করে দিনটিকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের দিন হিসেবে পালন করার আহ্বান জানিয়েছে।
এমবি





