অবশেষে সব জল্পনার অবসান হলো। ভারতের আলোচিত নির্ভয়া হত্যাকাণ্ডের আসামিদের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লির আদালত। ফলে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় ফাঁসিতে ঝোলানো হবে চার আসামিকে।

আদালতের রায়ের পর নির্ভয়ার মা আশা দেবী বলেন, ‘ওরা আদালতের সময় নষ্ট করছে এবং গোটা বিচার ব্যবস্থাকে নষ্ট করার চেষ্টা করছে। এবার ওদের আগামীকালই ফাঁসি দেওয়া হবে।’

এর আগে নির্ভয়া হত্যাকাণ্ডের চার আসামির মধ্যে তিনজন অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫) ও মুকেশ সিং (৩২) নিজেদের ফাঁসি স্থগিতের জন্য দিল্লির পাতিয়ালা কোর্টে আবেদন করেন।

তাদের সেই আবেদনই ফাঁসির নির্ধারিত দিনের একদিন আগে খারিজ করে দিলেন আদালত। এদিকে আজ সোমবার আসামি পবন গুপ্তার কিউরিটিভ পিটিশনের আবেদনটি খারিজ করে দেন সুপ্রিম কোর্ট, খবর এনডিটিভি।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির তরুণী নির্ভয়াকে গণধর্ষণ করার পর লোহার রড দিয়ে নৃশংসভাবে নির্যাতন করে মোট ছয়জন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত হার মানতে বাধ্য হন নির্ভয়া। লজ্জায় মুখ ঢাকে গোটা দিল্লি।

দিল্লির একটি আদালত ১৭ ফেব্রুয়ারি জানান, আগামী ৩ মার্চ, সকাল ৬টায় কার্যকর হবে এই চার আসামির মৃত্যুদণ্ড। সেই মর্মে জারি করা হয় মৃত্যু পরোয়ানাও।

প্যারা মেডিকেলের ওই ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ ও হত্যা করে মোট ছয়জন। তার মধ্যে একজন নাবালক বলে সংশোধনাগার থেকে তিন বছর পর ছাড়া পেয়ে যায় ও অন্যতম অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করেন। বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

এ নিয়ে মোট তিনবার নির্ভয়া হত্যাকাণ্ডের চার অপরাধীর মৃত্যু পরোয়ানা জারি করেন দিল্লি আদালত। এর আগে দুবার আইনি জটিলতায় পিছিয়ে যায় তাদের ফাঁসি।

এর আগে গত ২২ জানুয়ারি ও পরে আবার ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকরের ঘোষণা হয়েছিল। তবে এবার আর আদালত রেহাই দিলেন না নির্ভয়া কাণ্ডের ফাঁসির সাজাপ্রাপ্ত চার আসামিকে।

এমআর