সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট গুরুতর অপরাধে জড়িত থাকার দায়ে ১১ জন ‘কট্টরপন্থী সন্ত্রাসবাদীর’মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ।

সেনা কর্তৃপক্ষের তথ্যমতে, তারা সবাই জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয় সদস্য। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

সেনাবাহিনীর সূত্র জানায়, দণ্ডিত ওই ব্যক্তিরা বেলুচিস্তান পুলিশের ডিআইজি ফায়াজ সুমবাল ও এএসআই রাজা খান এবং গোয়েন্দা সংস্থার (আইএসআই) পরিদর্শক কামরান নাজিরকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন।

পাশাপাশি ওই সন্ত্রাসীরা জাতিগত কারণে হত্যা, অপহরণ এবং বেসামরিক মানুষ হত্যায় জড়িত ছিলেন। সীমান্ত পুলিশের কয়েকজন সদস্য এবং সেনাবাহিনীর মেজর মজিদ হত্যাকাণ্ডের ঘটনায়ও তাদের দায়ী করা হয়।

সামরিক আদালতে এসব আসামির বিচার করা হয়। আইন প্রয়োগকারী সংস্থা এবং সশস্ত্র বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা এবং হামলার পরিকল্পনা করার ঘটনায় তারা দোষী সাব্যস্ত হন।

এ ছাড়া কয়েকটি বিদ্যালয় এবং অবকাঠামো ধ্বংস করার কাজেও তারা জড়িত ছিলেন। সূত্র: দ্য ডন

এফএফ