চীনে কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ আরও কিছু সুযোগ সুবিধা বাড়াচ্ছে জাপানি কোম্পানিগুলো। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আ্যাবের নির্দেশ মেনেই কোম্পানিগুলো এমন উদ্যোগ নিয়েছে।
বিশ্বখ্যাত জাপানি ইলেকট্রনিক্স কোম্পানি প্যানাসনিক তার চীনা কর্মীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে দূষণের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সেই সঙ্গে কোম্পানিটি তার কর্মীদের বেতন বাড়াবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। কোম্পানিটি তার চীনা কর্মীদের বেতন প্রায় ২০০০ ইয়েন বা ১৫০০ টাকা বাড়াবে।
জাপানের বেশির ভাগ কোম্পানিই এখন চীন থেকে তাদের পণ্য তৈরি করিয়ে নেয়। আর এজন্য ওই দেশটিতে বেশ কিছু কারখানাও স্থাপন করেছে জাপানি কোম্পানিগুলো। জাপানের মতো অনেক দেশই এখন চীনা প্রযুক্তি ও শ্রম ব্যবহার করে তুলনা মূলক কম খরচে পণ্য উৎপাদন করাতে পারে। ফলে দেশটিতে নানান ধরনের কলকারখানার সংখ্যাও বেড়েছে ব্যাপক হারে।
এর ফলে দেশটির বেশিরভাগ শহরের আকাশই ঢেকে থাকে ধোঁয়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও  দূষণের অন্যতম নগরি হিসেবে চিহ্নিত করেছে বেইজিংসহ বেশ কিছু চীনা শহরকে।
সংস্থাটি জানিয়েছে, গত মাসে বেইজিং-এর দূষণ পর্যবেক্ষণ করে দেখা গেছে দৈনন্দিন দূষণ  ১৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এই অবস্থায় দেশটির শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসের এক বার্ষিক সভায় দূষণের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন।
চীন সরকারেরর এমন ঘোষণার পরে প্যানাসোনিক শ্রমিকদের দূষণ জনিত ক্ষতিপূরণ দেবে। তবে চীনে কর্মরত কতজন জাপানিকে এ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তারা এটি কিভাবে গ্রহণ করবে তার কিছুই জানায়নি কোম্পানিটি।
এদিকে আ্যবের নির্দেশকে গুরুত্ব দিয়ে টয়োটা, হোন্ডা এবং নিশানও  চলতি সপ্তাহে  কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]