ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড়ে জনবহুল একটি বাজারে বন্দুকধারী জঙ্গিদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে কোকরাঝাড়ের বালাজান তিনালি বাজারে হঠাৎ করেই একদল জঙ্গি গুলি চালাতে শুরু করে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন।

সেনাসূত্রের বরাত দিয়ে ফার্স্টপোস্ট জানায়, সেনাবাহিনীর পোশাক পরে তিনজন জঙ্গি হামলায় অংশ নেয়। তাদের গুলিতে ১৩ জন নিহত হয়।

পরে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাল্টা গুলি চালালে এক জঙ্গি নিহত হয়। এ সময় জঙ্গিদের ব্যবহৃত একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়।

পুলিশ প্রধান মুখেশ সাহাই বলেছেন, কমপক্ষে তিন থেকে চারজন জঙ্গি ওই বাজারে যায়। তাদের কয়েকজন গ্রেনেড নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যায়।

এনডিটিভি অনলাইন খবর দিয়েছে, প্রত্যক্ষদর্শীরা এক জঙ্গিকে গ্রেনেডের বিস্ফোরণ ঘটাতে দেখেছেন।

এদিকে টুইটারে দেয়া এক বার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী সর্বান্দ স্যানালের সঙ্গে তার কথা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে পরিস্থিতি পর্যালোচনা করছে।

এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী আসামে এই হামলা দায় স্বীকার করেনি।

এফএফ/এমবি