আফগান তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর মারা গেছেন বলে দাবি করেছে দেশটির সরকার। তবে তালেবান এই দাবির ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

আফগানিস্তানের গোয়েন্দা সূত্রগুলো বলছে, মোল্লা ওমর সম্ভবত দুই থেকে তিন বছর আগে মারা গেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি।

বিবিসির পক্ষ থেকে তালেবানের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার মোল্লা ওমর মারা গেছেন বলে গুজব শোনা গেছে। তবে এই প্রথম আফগান সরকারের শীর্ষস্থানীয় সূত্র থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হচ্ছে।

আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর সেখানে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের মধ্যে যে লড়াই শুরু হয়, তাতে তালেবানের নেতৃত্ব দেন মোল্লা ওমর। কয়েক বছর আফগানিস্তান শাসনও করে তালেবান সরকার।

আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে জোট করার অভিযোগ উঠে তালেবানের বিরুদ্ধে। এ অভিযোগেই নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

তালেবান সরকারকে উৎখাতের পাশাপাশি মোল্লা ওমরকে ধরিয়ে দেয়ার জন্য এক কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

এসএইচ