কারাদণ্ড এড়াতে নেপাল বা বাংলাদেশে চলে গিয়েছেন কলকাতা হাইকোর্টের সাজাপ্রাপ্ত বিচারপতি সিএস কারনান। শাস্তি থেকে বাঁচতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাঁর লিগাল টিম।
বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কারনানের আইনি পরামর্শদাতা। আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্ট ৬ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছিল হাইকোর্টের বিচারপতিকে। পদাধিকারে থাকাকালীন তিনিই প্রথম বিচারপতি যাঁকে কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।
বুধবার শীর্ষ আদালতের নির্দেশ মেনে কারনানকে গ্রেপ্তারের জন্য চেন্নাই যায় কলকাতা পুলিশের একটি দল। তবে, তামিলনাড়ু পুলিশের সঙ্গে একযোগে দিনভর হন্যে হয়ে খুঁজে বেড়ালেও বিতর্কিত বিচারপতির কোনও খোঁজ মেলেনি।
বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী ডব্লিউ পিটার রমেশ কুমার জানিয়েছেন, 'আমরা পরবর্তী পর্যায়ের আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি এবং সেই সময়টা পর্যন্ত তাঁর লুকিয়ে থাকাটা প্রয়োজন।'
সুত্রঃ এই সময়
এমই





