ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এক বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর তিন বোমা বিশেষজ্ঞ ও ১০ জন বেসামরিক নিহত হয়েছে। একটি কারাগারের কাছে বুধবার এ বিস্ফোরণে অপর অন্তত ১৩ জন আহত হয়েছে। সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গী গোষ্ঠী বোমাটি পেতে রেখেছিল বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, লাহিজ প্রদেশের তিবন এলাকায় পড়ে থাকা বোমাটিকে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা নিষ্ক্রিয় করতে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। বোমাটি নিষ্ক্রিয় করার আগে নিরাপত্তা বাহিনী বেসামরিক লোকদের সতর্ক করতে এলাকাটি সিলগালা করে নি।

এর আগে স্থানীয় জনগণ বোমার মতো একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে যাওয়ার পর এটি বিস্ফোরিত হয়।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই