ভারতে প্রতি দিনই প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। তাতে কত দিন পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হবে, তা নিয়ে আশঙ্কায় ভারতের চিকিৎসক মহল।
২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের নিরিখে এ দিন আগের সব হিসেব ছাপিয়ে গিয়েছে ভারত। তাতেই দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে সব মহলে, খবর আনন্দবাজার।
আজ (০৬ সেপ্টেম্বর) রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬৩২ জন। তাতে সবমিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার ৮১১। এর মধ্যে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬২ হাজার ৩২০।
সক্রিয় আক্রান্তের নিরিখে এই মুহূর্তে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত ৬২ লক্ষ ৪৫ হাজার ১১২ জন মানুষ নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোটে আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ ২৩ হাজার। অর্থাৎ সংক্রমণের নিরিখে এই মুহূর্তে ব্রাজিলের সঙ্গে ভারতের ১০ হাজারেরও কম ফারাক রয়েছে।
ভারতে যে হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে আগামী ২৪ ঘণ্টায় ব্রাজিলকে টপকে ভারত দ্বিতীয় স্থানে উঠে আসবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
এমবি





