চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন হংকংয়ের প্রধান প্রশাসক চি লিউং। তবে, সরকারে সঙ্গে আলোচনায় বসার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আলোচনার বসার এই আহ্বানকে স্বাগত জানালেও চি লিউং-এর পদত্যাগের দাবিতে এখনো অনড় রয়েছে বিক্ষোভকারীরা।

এর আগে বৃহস্পতিবারের মধ্যেই চি লিউং-এর পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল বিক্ষোভকারীরা। সে সময় এরই মধ্যে পেরিয়ে গেছে।
লিউং পদত্যাগ না করলে সরকারি ভবনগুলো দখল করে নেয়ার হুমকি দিয়েছিল তারা। তবে সেরকম কিছু ঘটার আগেই, বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষোভকারীদেরকে আবারো হুঁশিয়ার করে লিউং বলেছেন, সরকারী ভবনগুলো দখলের উদ্যোগ নিলে এর পরিণাম হবে খুবই গুরুতর।

তিনি বলেছেন, হংকং সরকারের চিফ সেক্রেটারির সাথে আলোচনায় বসার কথা জানিয়ে আজই একটি খোলা চিঠি পাঠিয়েছে হংকং ছাত্র ফেডরেশন। তাই, ছাত্রপ্রতিনিধিদের সাথে আলোচনায় বসে সাংবিধানিক বিষয়াবলী নিয়ে আলাপের জন্য সরকারে পক্ষ থেকে আমি এখন চিফ সেক্রেটারিকে নিয়োগ করছি।

গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা আশা করছে, এই আলোচনা হয়তো সংকটের সমাধান এনে দিতে পারবে।

একটি পূর্ণগণতান্ত্রিক নির্বাচনের দাবিতে গত শুক্রবার থেকে হংকং-এ গণবিক্ষোভ চলছে।

এএইচ