ব্রাজিলের ফুটবল ক্লাব করিন্থিয়ান্সের আট সমর্থককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার করিন্থিয়ান্স ক্লাবের হেডকোয়ার্টারে ঘটনাটি ঘটে।

সাও পাওলোর পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রোববার দুপুরে নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিপক্ষে ম্যাচ ছিল করিন্থিয়ান্সের। তার আগে শনিবার রাতে কয়েকজন বন্দুকধারী করিন্থিয়ান্সের হেডকোয়ার্টারে ঢুকে ক্লাবটির আট সমর্থককে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যায় আরো একজন।

অবশ্য হত্যাকাণ্ডটি দুই নগর প্রতিদ্বন্দ্বীর ফুটবল সংক্রান্ত ঘটনা বলে মনে করছে না সাও পাওলোর পুলিশ। বিষয়টি মাদক সংক্রান্ত হতে পারে বলে তাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

করিন্থিয়ান্স ক্লাব টুইটারে একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ এবং মৃত সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি, গোল ডটকম

ইআর