দখলদার ইসরাইলি বাহিনী ১৮ জন ফিলিস্তিনি যুবককে আটক করে গোপন স্থানে নিয়ে গেছে। মঙ্গলবার তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আনাদুলু সংবাদ সংস্থা।
এর মধ্যে ৭ জন ফিলিস্তিনি যুবককে আটক করা হয়েছে পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে অবস্থিত দুমা গ্রাম থেকে। গ্রামবাসীরা জানিয়েছেন, দশটি ইসরাইলি সামরিক যান তাদের গ্রামে ঢুকে এবং ঘরে ঘরে তল্লাশি চালিয়ে অবশেষে ৭ জন যুবককে ধরে নিয়ে যায়। এ সময় লাইসেন্সবিহীন দুটি গাড়িও নিয়ে যায় ইসরাইলি বাহিনী।
অন্যদিকে, বেথেলহেম শহর থেকে তিনজন ফিলিস্তিনি যুবককে আটক করে ইসরাইলি সেনারা। তাছাড়া, আল উবাইদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মালিক মোহাম্মদ হাসাসনেহ নামক এক যুবককে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
একই গ্রাম থেকে আরো দুজনকে আটক করে দখলদার বাহিনী। এর মধ্যে মোহাম্মদ শানাইতে কিছুদিন আগেই ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান। তাছাড়া, পশ্চিম তীরের জেনিন থেকে আরেনা একজনকে আটক করা হয়।
অন্যদিকে, পশ্চিম তীরের সামু শহরের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ইসরাইলি বাহিনী। এদের মধ্যে দুজন ভাই বলে জানা গেছে।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]