এবোলা। এই একটা নামেই এখন কার্যত আতঙ্কে কাঁপছে পশ্চিম আফ্রিকার একাধিক দেশ। চারটি দেশে এখনও পর্যন্ত ৯৬০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক নয়াদিল্লি।

ভারতে যাতে এই রোগ ঢুকে পড়তে না পারে সেজন্য শুরু হয়েছে নজরদারি। বিদেশ থেকে আসা প্রতিটি বিমানের দিকে নজর রাখা হচ্ছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

জ্বর, দুর্বলতা, পেশিতে টান, মাথায় অসহ্য যন্ত্রণা আর মুখের ভিতর ঘা। আর এরপরই হরহর করে বমি, ডায়েরিয়া, গায়ে র‍্যাশ। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়া। আর সবটাই ঘটে যায় অত্যন্ত দ্রুত গতিতে। এমনই ছোবল এবোলা ভাইরাসের। থাবা বসিয়েছে আফ্রিকার বেশ কয়েকটি দেশে। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাডছে মৃত্যুও।

কিন্তু কীভাবে ছড়িয়ে পড়ে এই মারণ ব্যাধি? চিকিৎসা বিজ্ঞান বলছে, আক্রান্তের শরীরের কোনো রকম তরল পদার্থের সংস্পর্শেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। নাইজেরিয়া, গিনি আর লাইবেরিয়া সিয়েরা লিওনেতেই সবথেকে বেশি মানুষের মধ্যে ছড়িয়েছে এবোলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে জরুরি পরিস্থিতির সতর্কতা জারি করেছে। একাধিক দেশ তাদের নাগরিকদের আফ্রিকার আক্রান্ত দেশগুলিতে যেতে নিষেধ করেছে। কিন্তু, তাতেই কি রোখা যাবে এবোলাকে? কারণ, ওইসব দেশ থেকে বহু মানুষই বিমানে অন্যদেশে যাতায়াত করছেন। ভারতীয় এক নাগরিকও এবোলা আক্রান্ত এক ব্যক্তির সঙ্গে বিমানে সফর করেছেন বলে নয়াদিল্লিকে জানিয়েছে। খবর পেয়েই নড়েচড়ে বসেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: জিনিউজ।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই