নোট বাতিল নিয়ে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘মোদি সরকার আমাদের গলা কেটে নিলেও আন্দোলন থামবে না। আমরা আন্দোলন চালিয়ে যাব।’
আজ শুক্রবার কলকাতায় রাজ্যের মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘ভারত আজ চরম সর্বনাশের দিকে এগিয়ে চলেছে। তাই আমি রাষ্ট্রপতির কাছে অনুরোধ রেখেছি, তিনি যেন ভারতের অঙ্গরাজ্যগুলোকে বাঁচান।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, নোট বাতিলের ফলে পশ্চিমবঙ্গ সাড়ে পাঁচ হাজার কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে। পশ্চিমবঙ্গের একাধিক শিল্পকেন্দ্র থেকে কাজ হারিয়েছেন লাখ লাখ কর্মচারী। রবি চাষের ক্ষতি হওয়ায় কৃষকরা সমস্যায় পড়েছেন।
তা ছাড়া পশ্চিমবঙ্গের দারিদ্র্যসীমার নিচে থাকা প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ আজ চরম বিপদে পড়েছেন। গ্রাম-বাংলায় দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এভাবে চলতে পারে না।
জাতীয় সরকার গঠন করে দেশ চালানোর বিকল্প নেই উল্লেখ করে মমতা বলেন, আজ শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতের অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে মোদি সরকার। এ জন্য প্রয়োজন জাতীয় সরকার গঠন করা।
অবশ্য সেই সরকার বিজেপির হলেও আপত্তি নেই। তবে সে ক্ষেত্রে মোদিকে বাদ দিয়ে বিজেপির লালকৃষ্ণ আদবানি বা অন্য নেতৃত্ব যাতে ওই নতুন জাতীয় সরকারে আসে, সেটা দেখতে হবে।
মোদির দিকে অভিযোগের তীর ছুড়ে মমতা বলেন, এখন যিনি ভারত চালাচ্ছেন, তিনি থাকলে ভারতের অর্থনীতি আরো গোল্লায় যাবে।
একাধিক কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে মোদি সরকার ক্ষমতার অপব্যবহার করছে বলেও অভিযোগ করেন মমতা।
এমবি





