সিরিয়ার হোমস শহরের নিকট ব্লাসফেমি (ধর্মীয় অবমাননা আইন) আইনের আওতায় চার ব্যক্তির শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস)। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে রয়টার্স।
হোমসের নিকটবর্তী একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অবজারভেটরি গ্রুপ। ইসলামিক স্টেট (আইএস) অধিকৃত এলাকায় এ ঘটনা ঘটে। শিরশ্ছেদ করেছে আইএসের গঠিত পুলিশ বাহিনী।
এর আগে গত মঙ্গলবারও সিরিয়ার উত্তরাঞ্চলের একটি শহরের মূল চত্বরে একই অভিযোগে এক ব্যক্তির শিরশ্ছেদ করে আইএস।
ইসলামিক স্টেট (আইএস) সিরিয়া ও ইরাকের বিশাল অঞ্চল দখল করে সেখানে ইসলামী শরীয়াহ আইন চালু করেছে। সেখানকার স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, পরকীয়া, সমকামিতা, চুরি, ব্লাসফেমিসহ বিভিন্ন অপরাধে পাথর ছুড়ে হত্যা ও শিরশ্ছেদের মতো ঘটনা ঘটাচ্ছে আইএস।
শুধু তাই নয়, বিরোধী যোদ্ধাদেরও একই কায়দায় হত্যা করছে আইএস। ওই অঞ্চলে খিলাফত চালু রাখতে পুলিশ বাহিনী গঠন করেছে আইএস। এই বাহিনী নিয়মিত টহল দিচ্ছে।
এ ছাড়া, অবজারভেটরি গ্রুপটি শনিবার জানিয়েছে, গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মানবিজ শহরে পরকীয়ার অভিযোগে এক পুরুষ ও নারীকে পাথর ছুঁড়ে হত্যা করে আইএস।
এমএ





