ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালে গুলবার্গ সোসাইটি হত্যাযজ্ঞে ২৪ আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার আহমেদাবাদের একটি বিশেষ আদালত ৬৬ আসামির মধ্যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করেন।

২৪ আসামির মধ্যে ১১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্য ১৩ জনকে অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

দোষী সাব্যস্ত হওয়া আসামিদের সাজা ৬ জুন ঘোষণা করবেন আদালত।
হত্যাযজ্ঞের প্রায় সাত বছর পর ২০০৯ সালে গুলবার্গ সোসাইটি হত্যাযজ্ঞ মামলার বিচারকাজ শুরু হয়।

আজ কড়া নিরাপত্তার মধ্যে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলো।
মুসলিম-অধ্যুষিত গুলবার্গ সোসাইটি গুজরাট রাজ্যের আহমেদাবাদে অবস্থিত।
২০০২ সালে গুজরাটের গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানো হয়। এতে ৫৯ জন নিহত হয়।

ওই ঘটনার পর গুজরাটজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে।
ট্রেনে আগুন লাগানোর এক দিন পর গুলবার্গ সোসাইটিতে নির্বিচারে হামলা হয়। এতে ৬৯ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে কংগ্রেসের সাবেক এমপি এহসান জাফরিও ছিলেন।

জেড