বিশ্বের সর্ববৃহৎ মূর্তি নির্মাণ করবে ভারত। ১৮২ মিটার উচ্চতার মূর্তিটি হবে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির চেয়ে প্রায় দ্বিগুণ উঁচু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্মিত হবে জওহরলাল নেহরুর সময়কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের এ মূর্তি।
মূর্তিটি নির্মাণে খরচ হবে প্রায় আড়াই হাজার কোটি রুপি। মোদি সরকারের প্রথম বাজেটেই বৃহস্পতিবার এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। খবর এনডিটিভির।
সরকারের প্রথম বাজেটেই বিশ্বের সবচেয়ে বড় মূর্তি বানানোর জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এ বরাদ্দ দেন।
সর্দার বল্লবভাই প্যাটেলের ওই মূর্তিটি নির্মাণে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়ই প্রচারণা শুরু করেছিলেন মোদি। এর জন্য কৃষকদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। এবার বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটেই সেটা পাশ করিয়ে নিলেন।
প্রকল্পটির জন্য মোট আড়াই হাজার কোটি রুপি প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এর পুরোটাই সংগ্রহ করা হবে রাষ্ট্রীয় তহবিল ও জনগণের দান থেকে।
নর্মদা নদীর একটি দ্বীপে নির্মিতব্য এ মূর্তিটি উচ্চতায় যুক্তরাষ্ট্রের ‘স্ট্যাচু অব লিবার্টি’র প্রায় দ্বিগুণ। আর চীনে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ মূর্তি ‘স্প্রিং টেম্পল বুদ্ধ’র চেয়েও ২৯ মিটার লম্বা।
সর্দার প্যাটেল ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু’র ডেপুটি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আজীবন কংগ্রেস করা এই নেতার নির্মিতব্য মূর্তিটিকে দেশটির স্বাধীনতা যুগের অন্যতম প্রতীক হিসেবে মন্তব্য করেছে বিজেপি (ভারতীয় জনতা পার্টি)।
গত বছর সর্দার প্যাটেল সম্পর্কে মোদি বলেছিলেন, ‘সর্দার প্যাটেল ভারতের প্রথম প্রধানমন্ত্রী না হওয়ায় প্রত্যেক ভারতবাসীর মধ্যে আক্ষেপ রয়েছে। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলে দেশের ভাগ্য ও চেহারা অন্যরকম হতো।’ সূত্র: এনডিটিভি
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ