ভারতের উত্তরাখন্ডের পাহাড়ি এলাকায় হঠাৎ ভারি বৃষ্টি ও এ থেকে সৃষ্ট বন্যায় ৩০ জনের মৃত্যু হয়েছে।
ভারতের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, শুক্রবার হঠাৎ ভারি বৃষ্টি, তুষারপাত শুরু হয়। অল্প সময়ের বৃষ্টিতে বিশাল এলাকা প্লাবিত হয়। বিশেষ করে পিথোরাগড় ও চামোলি জেলায় প্লাবন দেখা দেয়।
ধারচুলা এলাকার সুভা গ্রামের ফসলের ক্ষেত হড়কা বানে তালিয়ে গেছে। গ্রামের তিনটি সেতু পানিতে তলিয়ে গেছে। সেখানে চরম দুর্ভোগে পড়েছে লোকজন।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা টিম ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে। সেখানে তারা কাজ শুরু করেছেন। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
২৪ ঘণ্টায় ওই এলাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। থাল-মুনসিয়ারি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কারণে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।
খারাদির পাশে যামুনোত্রি হাইওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে ট্রাফিক ব্যবস্থাপনায় বিপর্যয় নেমে এসেছে।
পাহাড়ি এলাকার সব নদীর পানি প্লাবিত হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। ফলে এ বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এফএফ





