বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো যেখানে সামরিক ব্যায় দিনদিন বাড়াচ্ছে, আমেরিকা সেখানে বাজেট সংকটে পড়েছে। বাজেট সংকটের কারণে গত কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় কমাতে হচ্ছে। খবর রয়টার্সের।
২০০৯ সালে মার্কিন সামরিক ব্যয় ছিল ৭৫০ বিলিয়ন ডলার। কিন্তু ২০১৫ সালের জন্য ৪৯৬ বিলিয়ন ডলার বাজেট প্রস্তাব করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল ও বিশ্ব অধ্যয়ন কেন্দ্র (সিএসআইএস) ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে ২১ শতাংশ সামরিক বাজেট সংকোচনের পরিকল্পনা করেছে। কিন্তু একই সময়ে চীন, রাশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই ক্রমান্বয়ে সামরিক ব্যয় বাড়িয়ে চলছে। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত রাশিয়া প্রায় ৩০ শতাংশ এবং চীন ৪০ শতাংশেরও বেশি সামরিক ব্যয় বাড়িয়েছে।
দক্ষিণ চীন সাগর, আফগানিস্তান, লিবিয়া, মালি ও সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আগেই ছিল। রাশিয়ার ক্রিমিয়া দখল, নাইজেরিয়ার সশস্ত্র সংগঠন বোকো হারামের বিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণের ঘটনা যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়িয়েছে। আর ইরাকের ইসলামি যোদ্ধাদের বিরুদ্ধে তো মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি নিতে হচ্ছে।
এমনিতেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনাবিদদের জন্য সামরিক ব্যয়ের সংকোচন কঠিন কাজে পরিণত হয়েছে; তার ওপর প্রায় প্রতি মাসেই নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সমস্যার সমাধানে সেনা মোতায়েন দরকার হলেও বাজেট সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।
উত্তর কোরিয়া ও ইরান সমস্যা এখনও শেষ হয়ে যায়নি উল্লেখ করে সামরিক কৌশল ও বিশ্ব অধ্যয়ন কেন্দ্রের ফেলো এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি-সংক্রান্ত ডেপুটি আন্ডার সেক্রেটারি ক্যাথলেন হিকস বলেন, ‘বিশেষ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কঠিন সমস্যা পার করছে।’
সামরিক ব্যয় বিশ্লেষকদের দেয়া হিসাবমতে, আফগানিস্তানে একজন সাধারণ সেনার পেছনে বছরে অন্তত ২০ লাখ মার্কিন ডলারেরও বেশি খরচ হচ্ছে। তদুপরি চীন ও রাশিয়ার সঙ্গে সংকট ওয়াশিংটনকে আরও চিন্তায় ফেলেছে।
গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র ইরাক থেকে পুরোপুরি সেনা ফিরিয়ে আনার প্রত্যাশা করেছিল। কিন্তু সম্প্রতি ইরাক ও লেবাননে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর ইসলামি সরকার প্রতিষ্ঠার ঘোষণা মার্কিন সরকারকে নতুন করে ভাবাতে হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণে বিশেষ বাহিনীসহ কয়েক শত মার্কিন সেনা মোতায়েন রাখতে হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমির এক বক্তৃতায় প্রেসিডেন্ট বারাক ওবামা সেনাবাহিনী ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি পেন্টাগনের অর্থবিষয়ক প্রধান রবার্ট হাল রয়টার্সকে জানান, ইরাকে যুদ্ধের জন্য নতুন করে অর্থ ব্যয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইউরোপের জন্যও সামরিক ব্যয় খুব একটা বাড়বে না । অতিরিক্ত এক বিলিয়ন ডলারের মতো যোগ হতে পারে ।
এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বে সর্বোচ্চ সামরিক ব্যয় করে থাকে। বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশেরও বেশি কেবল যুক্তরাষ্ট্রই করে ।
অস্ট্রেলিয়ার ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস’ নামক প্রতিষ্ঠানের সম্প্রতি এক প্রতিবেদনে গত সাত বছরে বিশ্বব্যাপী সংঘাত উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়। যা যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার বড় কারণ। সূত্র: রয়টার্স
ঢাকা, ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





