স্পেনের রাজধানী মাদ্রিদে ৮ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
৮ জনের মধ্যে ৩ জন সিলেটের, ঢাকার ২ জন (স্বামী-স্ত্রী), যশোরের ১ জন বলে জানা গেছে। অপরজনের ঠিকানা জানা যায়নি। ৮ জনই বর্তমানে হাসপাতালে আছেন। ঢাকার দুইজনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আক্রান্তদের তিনজনের বাড়ি সিলেটে। একজনের বয়স ৪৫, আরেকজনের ৪৩ এবং ওপরজন নারী, বয়স ৩৫। তারা দেশটির রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন।
তবে করোনায় আক্রান্ত ঢাকার দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।
আক্রান্ত স্বামীর বয়স ৩৭, স্ত্রীর ২৬। তাদের দুইমাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা দেশটির রাজধানী মাদ্রিদের অদূরে কারাবানচলে থাকেন।
করোনায় আক্রান্ত অপর দুইজনই যুবক। একজনের বয়স ২৫, অপরজনের বয়স ২৬ বছর। ২৫ বছর বয়সী যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ২৬ বছর বয়সী যুবকের ঠিকানা জানা যায়নি। তারা দুইজনই রাজধানী মাদ্রিদে দীর্ঘদিন থেকে বসবাসরত।
স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার তিনজন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন।
দেশটির রাজধানী মাদ্রিদসহ এরই মধ্যে কারোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়েছে।
এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুম্মার নামাজও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
যানবাহনে এবং চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্তিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
এমবি





