লাওসে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে দেশটির দুই মন্ত্রীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার সকালে লাওসের জিয়ানকোউয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় লাওসের প্রতিরক্ষা মন্ত্রী, তার স্ত্রী, জননিরাপত্তা মন্ত্রী ও রাজধানীর মেয়রসহ কয়েকজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন। লাওসের সেনাবাহিনী বিমানটির উদ্ধারকাজ শুরু করেছে। ভিয়েনতিয়ানে থাই দূতাবাসের দেয়া তথ্যের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়ানামেথি এএফপিকে বলেন, প্রতিরক্ষারমন্ত্রী দৌয়াংচাই ফিচিত, ভিয়েনতিয়ান গভর্নর ও অপর কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ২০ জনকে ওই বিমানে বহন করা হচ্ছিল। লাওসের কমিউনিস্ট সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দেশটিতে ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত ৩০টি বিমান দুর্ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবরে লাও এয়ারলাইন্স পরিচালিত একটি বেসামরিক বিমান খারাপ আবহাওয়ার কারণে মেকং নদীতে পড়ে ওই বিমানে থাকা ৪৯ আরোহীর সকলেই প্রাণ হারান। সূত্র: বিবিসি,ডন অনলাইন। [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]