পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার ভাষায়, বেসামরিক লক্ষ্যের ওপর ভারত হামলা অব্যাহত রাখলে সর্বশক্তি দিয়ে তার জবাব দেবে পাকিস্তান।

পাকিস্তানের শিয়ালকোটের সীমান্তে শুক্রবার ভারতীয় গুলিবর্ষণে ৯ নিহত এবং ৪০ আহতদের পর এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে, সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে  চার গ্রামবাসী নিহত হয়েছে বলে নয়াদিল্লি জানিয়েছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হলে তার সমুচিত জবাব দেয়া হবে। তিনি আরো বলেন, পাকিস্তানের প্রতিশোধ নেয়ার অধিকার আছে এবং সর্বশক্তি দিয়ে এ প্রতিশোধ নেয়া হবে। তিনি দাবি করেন, তার ভাষায়, ভারত যদি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে এবং আগ্রাসন চালায় তবে পাকিস্তানিরা নিজ ভূমি রক্ষা করবে। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ১৯৬৫ সালের যুদ্ধের চেয়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলেও দাবি করেন তিনি। ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান ও ভারতের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধ হয়েছিল। এ যুদ্ধের ৫০তম বার্ষিকীর আগে এ বক্তব্য দিলেন আসিফ।

ভারতীয় গুলিতে চিকিৎসাধীন আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার পর এ বক্তব্য দেন তিনি। আসিফ নিজেও পাকিস্তানের সীমান্তবর্তী শহরের অধিবাসী এবং সীমান্ত শহর শিয়ালকোট থেকে পাক জাতীয় সংসদের নির্বাচিত হয়েছেন।সূত্র: রেডিও তেহরান।

ইআর