[b]জাকার্তা:[/b] ইন্দোনেশিয়ার সুমাত্রার উত্তরে মাউন্ট সিনাবুং নামক আগ্নেয়গিরির অগ্নুৎপাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সুমাত্রার স্থানীয় সময় শনিবার বিকেলে অগ্নুৎপাতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই মাউন্ট সিনাবুং মাঝেমধ্যে সক্রিয় হয়ে উঠছিল। তবে, এর আগে অগ্নুৎপাত হয়নি; ছাই এবং ধূয়া উগগিরণ হয়েছে। আগ্নেয়গিরিটি প্রায় তিন বছর আগে সক্রিয় অবস্থা থেকে ঘুমন্ত বা সুপ্ত অবস্থায় চলে যায়। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে আবার তা সক্রিয় হতে শুরু করে।
সুমাত্রার জরুরি বিষয়ক কর্মকর্তা সুতোপু পুরৌ নুগরুহু জানান, নিহতদের মধ্যে স্কুল শিক্ষার্থীও রয়েছে। তারা আগ্নেয়গিরিটির পাশে দাঁড়িয়ে এর লাভা উদগিরণ দেখছিল।
এদিকে, আগ্নেয়গিরির ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে হাজার হাজার মানুষ আশেপাশের গ্রামগুলো থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। প্রসঙ্গত, গতকাল শুক্রবার আগ্নেয়গিরি থেকে ৫ কিলোমিটার দূরে আশ্রয় নেয়া লোকজনকে তাদের নিজেদের বাড়িতে ফেরার অনুমতি দেয় প্রশাসন। কিন্তু বাড়িতে ফেরার একদিন যেতে না যেতেই তারা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শিকার হলেন।
জানা গেছে, আগ্নেয়গিরির ছাই প্রায় ২ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠেছে। এর আগে ২০১০ সালে মাউন্ট সিনাবংয়ে অগ্নুৎপাত ঘটে। তখন এতে দুজন নিহত ও ৩০ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হন।
২০১০ সালের আগে ৪০০ বছর পর্যন্ত আগ্নেয়গিরিটিতে কোন অগ্নুৎপাতের ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। সূত্র: বিবিসি
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ