চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াংয়ে এক সংঘাতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তবে, তারা কীভাবে নিহত হয়েছেন তার প্রকৃত খবর জানা যায় নি। সমাজতান্ত্রিক চীনে সংবাদ সরকার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় প্রকৃত ঘটনা জানা যায় না। সরকারি সংবাদমাধ্যমগুলো যতটুকু জানায় ততটুকুই জানতে পারে বিশ্ববাসী।

শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, পশ্চিমাঞ্চলীয় জিননিজয়াংয়ে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এতে আহত হন আরও অন্তত ১৪ জন। নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ বলে জানিয়েছে সিনহুয়া। সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

জানা গেছে, একদল 'দুর্বৃত্ত' অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার পাশের খাবার দোকানে হামলা চালায়। ঘটনাটি ঘটে জিনজিয়াংয়ের শাছি কাউন্টিতে। স্থানীয় সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া এই খবর জানিয়েছে বলে দাবি করেছে।

ঘটনাস্থল থেকে বিস্ফোরক, বড় ছুরি এবং কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশটিতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। এখানকার মুসলমানরা তুর্কি বংশোদ্ভূত। তারা চীনের কমিউনিস্ট শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ। স্বাধীনতার জন্য বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপও রয়েছে বলে ধারণা করা হয়।

এমএ