জম্মু ও কাশ্মিরে গত বছর জানুয়ারি থেকে এক বছরে প্রায় ২০০ জন নিহত এবং ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের ৪৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১০৮ জন 'সন্ত্রাসী' রয়েছেন। আইন সভার অধিবেশন চলাকালে প্রদেশটির মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি একথা জানিয়েছেন। খবর এনডিটিভি’র।
অধিবেশনে বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স নেতা এএম সাগরের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৪৬টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সব ঘটনায় ১৬৯ জন নিহত হয়। এদের মধ্যে ১০৮ জন সন্ত্রাসী, ৩৯ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ২২ জন বেসামরিক মানুষ। এ ছাড়া একই সময়ে সীমান্তে ১৮১টি গুলির ঘটনায় আট নিরাপত্তা কর্মকর্তাসহ মোট ২২ জন নিহত এবং ৭৫ জন আহত হয়।
মুফতি বলেন, কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় চারটি জেলা অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং শোপিয়ানে সবচে বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এ সব জেলায় ৬১টি হামলার ঘটনায় ৫৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন সামরিক বাহিনীর সদস্য এবং ৩৪ জন সন্ত্রাসী রয়েছে। পাকিস্তান সংলগ্ন উত্তর কাশ্মিরের তিন জেলা কুপওয়ারা, বারামুল্লাহ ও বান্ডিপোরাতে দক্ষিণের চেয়ে দ্বিগুণ সংখ্যক মানুষ নিহত হয়েছেন। তা ছাড়া প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ১৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এআই





