আরেকটি হামলার আশংকা করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। মঙ্গলবার সিডনি জিম্মি নাটকের পর সন্ত্রাসী হামলা নিয়ে অত্যধিক আলাপ-আলোচনার ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি এ কথা বলেন।

ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন, ‘আজ নিরাপত্তা সংস্থাগুলোর ব্রিফিং থেকে প্রতীয়মান হয় যে, মার্টিন প্লেস জিম্মি নাটকের পর সন্ত্রাসী হামলার ব্যাপারে অত্যধিক আলাপ-আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘কখন ও কীভাবে হামলা হতে পারে তা আমরা জানি না, তবে আমরা এটি জানি যে, আরো হামলা চালানোর অভিপ্রায় ও সক্ষমতা রয়েছে এমন অনেক লোক রয়েছে।’

গত সপ্তাহে ইরানি বংশোদ্ভূত বন্দুকধারী মান হারুন মনিস সিডনির কেন্দ্রস্থলে একটি ক্যাফেতে ১৭ জনকে জিম্মি করে। রক্তাক্ত অভিযানের মধ্য দিয়ে এ নাটকের অবসান ঘটে।

অভিযানে জিম্মিকারী এবং দুই জিম্মির প্রাণহানি ঘটে এবং বেশ কয়েকজন আহত হন।

অ্যাবট অস্ট্রেলিয়ার সতর্কতার স্তর না বাড়ালেও সতর্ক করে বলেন, এ স্তরেও ‘একটি হামলার আশংকা রয়েছে।’

তিনি বলেন, ‘আমি জনগণকে এই বিষয়ে সতর্ক করছি যে, সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনো খুবই বেশি এবং আপনারা সবাই বুঝেন যে, এ স্তরেও একটি হামলার আশংকা রয়েছে।’

অ্যাবট বলেন, ‘এ কারণে মানুষের সজাগ ও সতর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে এ ব্যাপারেও তাদের আশ্বস্ত করতে চাই যে, আমাদের পুলিশ ও নিরাপত্তা বাহিনী আমাদের নিরাপত্তা বিধানে তাদের সামর্থ অনুযায়ী সবকিছুই করছে।’

অ্যাবট বলেন, তিনি কোনো সুনির্দিষ্ট ভবিষ্যৎ হামলার ব্যাপারে অনুমান করছেন না। তবে তিনি এ বিষয়ের ওপর জোর দেন যে, আমরা যাদের সন্ত্রাসীদের প্রতি সমব্যথী হিসেবে মনে করি তাদের মধ্যে খুব বেশি মাত্রায় আলাপ-আলোচনা হয়েছে।

এমএ