সিরিয়ার পূর্ব গৌতার বেসামরিক জনগণকে রক্ষা করার ক্ষেত্রে তেহরান ও আঙ্কারার গুরুদায়িত্ব রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
তিনি গৌতায় মানবিক বিপর্যয় ঠেকাতে প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
হাসান রুহানি বুধবার (০৭ মার্চ) সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
তিনি তুর্কি প্রেসিডেন্টকে বলেন, বর্তমান স্পর্শকাতর মুহূর্তে সিরিয়ার দু’টি মুসলিম প্রতিবেশী দেশ হিসেবে ইরান ও তুরস্ককে পূর্ব গৌতার সম্ভাব্য বিপর্যয় রোধে সাহায্য করতে এবং সেখানে যাতে টেকসই যুদ্ধবিরতি কার্যকর করা যায় সে চেষ্টা চালাতে হবে।
টেলিফোন সংলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার পূর্ব গৌতা এলাকার পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে বলেন, এই পরিস্থিতি থেকে সেখানকার সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ইরান ও তুরস্ককে প্রচেষ্টা চালাতে হবে।
এমবি





