স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করার জন্য মিশরের রাজধানী কায়রোতে নিজ নিজ পক্ষ থেকে ছোট প্রতিনিধিদল পাঠিয়েছে ইসরাইল ও গাজার নিয়ন্ত্রক হামাস।

মিশরের মধ্যস্থতায় মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার একটি মানবিক যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌছার জন্য উভয় পক্ষ প্রতিনিধি দল পাঠিয়েছে।

এর আগে গত ২৯ দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ১,৮৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরাইলের ৬৪ সেনা ও ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, হামাসকে পুরোপুরি 'নিরস্ত্র' করতে চাইছে ইসরাইল।

কিন্তু ইসরাইলের এই ইচ্ছার সাথে ভিন্ন মত পোষণ করে হামাস। কায়রোতে এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ রাজনীতিক মুসা আবু মারজুক বলেছেন, হামাস তার স্বতন্ত্র সসস্ত্র শাখা আল কসম ব্রিগেড রাখবে এবং ইসরাইলের সাথে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত করবে।

তিনি আরো বলেন, আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না। কিন্তু "প্রত্যেকবার পূর্বের তুলনায় ভালো প্রতিরোধ কীভাবে গড়ে তুলতে হয়, সেটা আমরা জানি।" সূত্র: এনডিটিভি, নিউইয়র্ক টাইমস ও আলজাজিরা।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই