অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিবাদী ইসরাইলের দুই সেনা ছুরির আঘাতে আহত হয়েছে। টহল দেয়ার সময় শহরের লায়ন গেইটের কাছে অজ্ঞাত ব্যক্তিরা তাদেরকে ছুরি মারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর মধ্যে ১৯ বছর বয়সী এক সেনার ঘাড়ে ছুরির আঘাত করা হয়েছে; ৩৫ বছর বয়সী অন্য সেনার হাতে লেগেছে ছুরির আঘাত। শুক্রবার সকালে ফজরের নামাযের পরপরই তাদের ওপর এ হামলা হয়। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পশ্চিম তীরের মা’য়েলা শমরোন এলাকায় ইসরাইলের দুই সেনা ফায়ারবোমা হামলার শিকার হওয়ার পর আজ ইসরাইলের এ দুই সেনা ছুরির আঘাতে আহত হলো।
পবিত্র আল-আকসা মসজিদ নিয়ে গত কয়েক মাস ধরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদের দফায় দফায় সংঘর্ষ চলছে। মসজিদে মুসলমানদের আসা-যাওয়ার ওপর বিভিন্ন সময় ইসরাইল নিয়ন্ত্রণ আরোপ করছে।
এমএ





