ইরাকে তুর্কম্যান উপজাতির দুই শতাধিক মহিলাকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। আন্তর্জাতিক নারী দিবসের দিন এ খবর জানিয়েছেন ইরাকি তুর্কম্যান ফ্রন্টের চেয়ারম্যান আরশাদ আল-সালেহি। সোমবার এই সংগঠনটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
নারী দিবস উপলক্ষ্যে গতকাল রোববার তুর্কম্যান জাতির নারীদের আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য উপস্থাপন করা হয়। সেখানে আরো জানানো হয়, অপহরণের পর এসব নারীকে ধর্ষণ করেছে আইএস জঙ্গিরা। তবে, তাদেরকে ঠিক কবে এবং কতদিনে অপহরণ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি খবরে।
আল সালেহি জানান, কয়েকশ তুর্ক নারী মসুল ও তাল আফার এলাকা থেকে অপহরণ দশা থেকে পালিয়ে আসতে সক্ষম হন। কিন্তু তাদের অনেকেই ছিলেন গর্ভবতী। পালিয়ে আসার পথে তাদের অনেকেই মারা যান। তাদের অনেকের গর্ভের সন্তানও মারা যায়।
নারীদের আরেকটি সংগঠন জানিয়েছে, অপহরণের পর অনেক নারীকে ধর্ষণ করে আইএস জঙ্গিরা। অনেককে হত্যা করা হয়। এমন অবস্থায় বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে সোচ্চার হতে আহবান জানায় ইরাকি তুর্কিদের বিভিন্ন সংগঠন।
এমএ





