৭.৫ মাত্রার ভূমিকম্প এবং তার পরবর্তী সুনামিতে নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে ইন্দোনেশিয়ায়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার মতে, এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৮। পাশাপাশি এখনো হাজারো নিখোঁজের আশঙ্কা করছেন তারা।

আঘাত হানা পালু শহরের বালারোয়া ও পেতোবো এলাকার মাটি তরল হওয়ায় এ নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সোতোপো পুরো নুগ্রোহো।

তিনি বলেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫৫৮ জনে দাঁড়িয়েছে। পেতোবো এলাকা থেকে মাত্র ২৬ জনকে ও বালারোয়া থেকে ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পালুর বালারোয়া মাটি এতটাই তরল হয়ে গেছে যে সেখানে উদ্ধারকাজ করা সম্ভব হচ্ছে না এবং অন্তত এক হাজার ৭০০ বাড়িঘর তরল মাটিতে ডুবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ছাড়া ক্রিশ্চিয়ান বাইবেল স্টাডি ক্যাম্পে আসা ৩৪ শিশু এই তরল মাটিতে নিমজ্জিত হয়ে মারা গেছে।

গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও ছয় মিটার উচ্চতার সুনামির আঘাতে সুলাওয়েসির ৬৬ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়। পরপর দুটি প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুলাওয়েসি দ্বীপের পালু শহর। এখানে বসবাসকারী তিন লাখ ৮০ হাজার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেড