মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা শুক্রবার দেশটিতে বিক্ষোভ মিছিল করেছেন। প্রেসিডেন্ট হিসেবে সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির ক্ষমতা গ্রহণের পর এটিই তাদের প্রথম বিক্ষোভ। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

রাজধানী কায়রো ছাড়াও মা'দী, আলেকজান্দ্রিয়া ও নীল ডেল্টা প্রদেশের শারকিয়া শহরেও বিক্ষোভ করেছেন মুরসি সমর্থকেরা।

এ ছাড়া, খালের শহর বলে পরিচিত ইসমাইলিয়াতে মোটর শোভাযাত্রা করেছেন মুরসি সমর্থকেরা। সামরিক সমর্থিত সরকারের চোখ রাঙ্গানির মধ্যেই তারা এসব বিক্ষোভ করেছেন।

গত মাসে অনুষ্ঠিত এক বিতর্কিত নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সেনাপ্রধান সিসি। গত রোববার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। উল্লেখ্য, তিনিই গত বছরের জুলাইয়ে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ