ফ্রান্সের নরমান্ডির উপশহরে একটি চার্চের যাজককে জিম্মি করে হত্যায় জড়িত দুজন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের সদস্য।

বুধবার আইএস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যাজককে হত্যাকারী ওই দুজন আইএসের সঙ্গে মৈত্রিতা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

নরমান্ডিতে নিহত ওই যাজকের নাম ফাদার জ্যাকুয়েস হ্যামেল (৮৬)। মঙ্গলবার তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে দুই হত্যাকারী পুলিশের গুলিতে নিহত হন।

আইএসের ভিডিওতে দেখা যায়, ওই দুই হত্যাকারী আইএস-প্রধান আবু বকর আল বাগদাদির নাম উচ্চারণ করে আরবিতে বিবৃতি দিচ্ছেন। বিবৃতিকালে তাদের একজনের হাতে একটি কাগজ ছিল, যাতে আইএসের পতাকা অঙ্কিত।

ভিডিওটি আইএসের গণমাধ্যম আমাক নিউজ এজেন্সিতে পোস্ট করা হয়। তবে ফ্রান্সের পুলিশ এখনো এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র : বিবিসি

জেড