ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন কর্ণাটকের এক অভিনেত্রী।
মডেল-অভিনেত্রী মৈত্রেয়ী বুধবার রাতে কার্তিক গৌড়ার বিরুদ্ধে ধর্ষণ এবং প্রতারণার মামলা দায়ের করেন। ব্যাঙ্গালোরের আর কে নগর থানায় দায়ের করা মামলার এজাহারে অভিনেত্রী মৈত্রেয়ী জানিয়েছেন, এ বছরের শুরুতে কার্তিক তাকে গোপনে বিয়ে করেছেন।
বিয়ের পর কার্তিক গৌড়া তাকে বুঝিয়েছিলেন যে, পরিবারের সঙ্গে কথা বলার পর বিয়ের বিষয়টি সবাইকে জানাবেন। এরপর কার্তিক তার সঙ্গে সহবাস করতে বল প্রয়োগ করেন।
দক্ষিণী এই অভিনেত্রী আরও অভিযোগ করেন, “বিবাহিত হওয়া সত্ত্বেও কার্তিক বুধবার অন্য এক নারীর সঙ্গে এনগেজমেন্ট করেন। এ খবর জানার পর আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হই।” পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কার্তিকের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬, ৪২০ এবং ৪০৬ ধারায় মামলা দায়ের করেছে।
ব্যাঙ্গালোর পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেত্রী মৈত্রীয় আর কে নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ খুব শিগগিরি তদন্ত শুরু করতে চলেছে।
এদিকে, ওই মহিলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কার্তিক গৌড়া। রেলমন্ত্রীও দাবি করেছেন, গোটা ঘটনাই পরিকল্পিত ষড়যন্ত্র।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিংয়ের বিরুদ্ধে অশালীন আচরণের নানা অভিযোগ এনেছে হিন্দুত্ববাদী বিজেপির একাংশ। এ অভিযোগের বিরোধিতা করে রাজনাথ সিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "পঙ্কজের বিরুদ্ধে অভিযোগ এনে আমার পরিবারের সম্মানহানি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেব।"
রাজনাথ সিংয়ের পর এবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বিপাকে পড়েছে মোদি সরকার। সূত্র: জিনিউজ
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





