মালয়েশিয়ার নিখোঁজ বিমানের আরেকটি সংকেত পেয়েছে অস্ট্রেলিয়ার অনুসন্ধানী একটি বিমান। বিমানটি এখন সংকেতটি খুঁজে বের করার চেষ্টা করছে। সংকেত বরাবর পৌঁছুতে পারলেই পাওয়া যাবে রহস্যময় বিমানের সন্ধান।
সংকেতটির গুরুত্ব খুবই বেশি। কেননা ঠিক একই জায়গা থেকে চলতি সপ্তাহের শুরুতে দুটি সংকেত পেয়েছিল অস্ট্রেলিয়ার অনুসন্ধানী আরেকটি বিমান। তবে, অনুসন্ধানের আগে সংকেতটি বিশ্লেষণ করে দেখা হবে।
মালয়েশিয়ান এয়ার লাইন্সের নিখোঁজ বিমানটি খুঁজে পেতে মরিয়া অনুসন্ধানকারী দলগুলো। অনুসন্ধানকারীরা বিমানটির অবস্থানের কাছাকাছিই অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে।
বোয়িং ৭৭৭ নিখোঁজ হওয়ার এক মাসেরও বেশি সময় পর বিমানটি’র ব্যাটারির চার্জ নিঃশেষ হয়ে আসার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার নেতৃত্বধীন অনুসন্ধান অভিযানের প্রধান অ্যাঙ্গাস হিউস্টন নিখোঁজ বিমানের ব্লাক বক্সের সন্ধানে সাগরের তলদেশে একটি স্বয়ংক্রিয় সাবমেরিন প্রেরণের আগে বিমানটির সঠিক অবস্থান সুনির্দিষ্ট করার সহায়তায় ‘শ্রবণ অভিযান’ চালিয়ে যেতে চান।
হিউস্টন’স জয়েন্ট এজেন্সি কোঅর্ডিনেশন সেন্টার (জেএসিসি) বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, অস্ট্রেলিয়ার পশ্চিমে তল্লাশি অভিযান এখন ৫৭ হাজার ৯শ’ ২৩ বর্গ কিলোমিটার এলাকায় কমিয়ে আনা হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার জাহাজ ওশান শিল্ড পার্থের উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরের ২ হাজার ২৮০ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র ক্ষেত্রে অনুসন্ধান চালাচ্ছে। এখানে মঙ্গলবার তারা দু’টি নতুন শব্দ সংকেত শনাক্ত করে। যা আগে শনাক্ত করা শব্দ সংকেতের সঙ্গে মিলে যায়।
এই পারিস্থিতিতে হিউস্টন আগামী কয়েকদিনের মধ্যে সাগরের তলদেশে কিছু একটা খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]