চীনের স্বায়ত্তশাসিত শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে হামলায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা ভবনের মধ্যে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এতে একজন মারা গেছে। হামলাকারী চারজন গুলিতে নিহত হয়েছে।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে শিনজিয়াং সরকার বলেছে, কারাকাক্স কাউন্টিতে বিকাল পাঁচটার দিকে এই হামলার ঘটনা ঘটে। চারজন ‘দুষ্কৃতকারী’ একটি গাড়ি নিয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে ঢুকে পড়ে ও একটি বিস্ফোরণ ঘটায়। তবে তারা গুলিতে নিহত হয়েছে। হামলার ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শিনজিয়াংয়ে মুসলিম উইঘুর সম্প্রদায় ও চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন। অঞ্চলটিতে অস্থির পরিস্থিতির জন্য ইসলামিক জঙ্গিদের দায়ী করছে চীন সরকার।

অন্যদিকে নির্বাসিত উইঘুর ও মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপের জন্য এই ধরনের পরিস্থিতির সৃষ্টি।

এমএনজে