আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ চাদে নেকাব (মুখ ঢেকে বোরখা) পরায় ৬২ জন নারীকে আটক করেছে দেশটির পুলিশ। সন্ত্রাস তথা বোকো হারাম দমনের অংশ হিসেবে জুন মাসে দেশটিতে নেকাব পরা নিষিদ্ধ করা হয়।
পুলিশের মুখপাত্র পল মানকা জানান, সন্দেহভাজন হামলাকারী হিসেবে আরও আটজনকে আটক করেছে কর্তৃপক্ষ। তিনি জানান, আত্মঘাতী হামলা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে ওইসব নারীকে আটক করা হয়েছে।
সন্ত্রাস দমনের অংশ হিসেবে পরিচালিত অভিযানে এই প্রথম দেশটিতে এক সঙ্গে এতজন নারীকে আটক করা হল।
নাইজেরিয়াভিত্তিক বিদ্রোহী গ্রুপ বোকো হারাম নাইজেরিয়া, চাদ, নাইজার ও ক্যামেরুনে নারী ও শিশুদের ব্যবহার করে বেশ কিছু আত্মঘাতী হামলা চালিয়েছে। এর প্রেক্ষিতে জুন মাসে জনবহুল স্থানে নেকাব পরা নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।
পুলিশের উল্লিখিত মুখপাত্র জানান, ১৭০ ডলার করে জরিমানা দিলে আটক নারীদের ছেড়ে দেওয়া হবে। তবে বারবার কেউ আটক হলে তার বিরুদ্ধে সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হবে।
কেএইচ





